রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হামিদ মৃধার হাট এলাকায় আর্জেন্টিনার সমর্থক আলাল মোল্লা (৫০) দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ইরান ফুটবল দলের সমর্থন ঘোষণা করেছেন। সোমবার রাত ৯টার দিকে স্থানীয় লোকজনের উপস্থিতিতে এই ব্যতিক্রমী ঘটনাটি ঘটে।
দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার সমর্থক থাকলেও ব্যক্তিগত চিন্তাভাবনার প্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তিনি ঘোষণা দেন যে, এখন থেকে তিনি আর কখনো নিজেকে আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে পরিচয় দেবেন না। তার এই দল পরিবর্তনের ঘোষণা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এলাকা জুড়ে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়।
হামিদ মৃধার হাট এলাকার বাসিন্দারা জানান, ফুটবল দল পরিবর্তনের ঘটনা নতুন নয়, তবে এভাবে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিক ঘোষণার ঘটনা এই এলাকায় আগে কখনো দেখা যায়নি। উপস্থিত অনেকে বিষয়টিকে তার ব্যক্তিগত স্বাধীনতা ও মতামতের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন। স্থানীয়দের মতে, খেলাধুলা বিনোদনের মাধ্যম এবং যেকোনো দলকে সমর্থন করা প্রতিটি মানুষের ব্যক্তিগত পছন্দের বিষয়।

