রাজধানীর আদাবরে চাপাতির মুখে জিম্মি করে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালাতে গিয়ে এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এ ঘটনায় ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জনগরবাসীর নিরাপত্তায় যতটুকু বল প্রয়োগ করার প্রয়োজন ততটুকু বল প্রয়োগ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মঙ্গলবার (১৬ জুন) ছিনতাই এবং পুলিশের অভিযান বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, চাঁদাবাজ, ছিনতাইকারী, অস্ত্রধারী এবং যেকোন অপরাধের ক্ষেত্রে আমাদের আইনগতভাবে আমরা একশনে যাব এবং একশনে যাচ্ছি। যেখানে যতটুকু নূন্যতম বল প্রয়োগ করার প্রয়োজন সেটা আমরা করছি। একটা বিষয় আমরা আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই, নগরবাসীর নিরাপত্তা রক্ষায়, অপরাধীদেরকে ধরতে, ছিনতাইকারীকে ধরতে, চাঁদাবাজকে ধরতে যতটুকু বল প্রয়োগ করার প্রয়োজন আমরা অবশ্যই ততটুকু বল প্রয়োগ করবো। কিন্তু আমাদের চেষ্টা থাকে নূন্যতম বল প্রয়োগ করার জন্য। কিন্তু যেখানে পুলিশ আক্রান্ত হবে এবং যেখানে অস্ত্রের ব্যবহার হবে সেখানে অবশ্যই আমাদেরকে আত্মরক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
তিনি হুঁশিয়ার করে আরও বলেন, মোহাম্মদপুরে কিশোর গ্যাং, ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। জেনেভা ক্যাম্প এবং আশপাশের এলাকায় মাদককে কেন্দ্র করেই অধিকাংশ অপরাধ সংঘটিত হচ্ছে। সাঁড়াশি অভিযানের প্রয়োজন হলে অভিযান পরিচালনা করা হবে। অভিযান প্রতিনিয়তই চলছে ও চলবে।
আজকের ঘটনায় মোট ৬ জন জড়িত ছিল জানিয়ে তিনি বলেন, চার জনকে ধরতে সক্ষম হয়েছি। লুণ্ঠিত ১ লাখ টাকা এখনো উদ্ধার হয়নি। বাকি দুজনকে গ্রেপ্তার করলে সে টাকা উদ্ধার হবে বলে জানান তিনি।
এর আগে, সকালে আদাবরে চাপাতি ঠেকিয়ে দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় ছিনতাইকারীর চাপাতির আঘাতে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ আহত হন। পুলিশের পাল্টা গুলিতে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। পরে চার জনকে আটক করা হয়।

