শুরুর আগেই বিশ্বকাপ শেষ ইংলিশ তারকা ফুটবলারের

আপডেট : ১৭ জুন ২০২৬, ০১:৩২

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেল ইংল্যান্ড। চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন নিউক্যাসল ইউনাইটেডের ২৩ বছর বয়সী রাইট-ব্যাক নোটো লিভরামেন্টো। তার পরিবর্তে বিশ্বকাপের স্কোয়াডে ডাক পেয়েছেন চেলসির ডিফেন্ডার ট্রেভোহ চালোবাহ।

বুধবার (১৭ জুন) গ্রুপ ‘এল’-এর হাইভোল্টেজ ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। তার আগেই এই রদবদল নিশ্চিত করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

গত রোববার ইংল্যান্ড দলের অনুশীলন চলাকালীন পায়ে চোট পান লিভরামেন্টো। পরের দিন তার স্ক্যান ও মেডিকেল রিপোর্টের পর চিকিৎসকরা নিশ্চিত করেন যে, এই চোট নিয়ে বিশ্বকাপে খেলা তার পক্ষে সম্ভব নয়।

লিভরামেন্টোর জন্য এই মৌসুমটি ছিল চোটের অভিশাপ। থাই ও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নিউক্যাসলের হয়ে প্রিমিয়ার লিগে মাত্র ১৭টি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। এরপরও থমাস টুখেলের গুডবুকে থাকায় বিশ্বকাপে ডাক পেয়েছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচেও বদলি হিসেবে নেমেছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে ইনজুরি তার বিশ্বকাপ স্বপ্ন ভেঙে দিল।

ইত্তেফাক/জেডএইচ