আজ বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং পরে দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগদান করবেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হবেন। সকাল ১০টা ১৫ মিনিটে সিলেটে পৌঁছে তিনি সড়কপথে শ্রীমঙ্গলে যাবেন। দুপুর ১টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
পরে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সদরে গিয়ে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার শহরে চলছে ব্যাপক প্রস্তুতি। অনুষ্ঠানস্থল দুটি সাজিয়ে তোলা হচ্ছে নতুন আঙ্গিকে। টানা বৃষ্টির কারণে কাদাময় হয়ে পড়া মাঠে বালু ফেলে সমতল করা হচ্ছে। মঞ্চ নির্মাণ, প্রবেশপথ সংস্কার, নিরাপত্তা বেষ্টনী স্থাপন এবং সৌন্দর্যবর্ধনের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি স্থাপনাগুলোও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে মৌলভীবাজার বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উত্সবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীর সমাবেশে যোগদান করার জন্য জেলার প্রতিটি ইউনিয়নে প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মৌলভীবাজারে বন্ধ থাকবে ৯২ চা বাগান
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে আজ বুধবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষ্যে বন্ধ থাকবে জেলার ৯২টি চা বাগান। চা শ্রমিকদের বুধবারের কাজ সাপ্তাহিক বন্ধের দিন রবিবার আদায় করা হবে। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় কমলগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এতথ্য জানান।

