উৎসর্গ মেসিকে

মিরপুরে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্যান-নির্মিত আর্জেন্টিনা জার্সি

আপডেট : ১৭ জুন ২০২৬, ১৫:১৩

রাজধানীর মিরপুরে উন্মোচন করা হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফ্যান-নির্মিত আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি। লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে তৈরি করা এই জার্সি মঙ্গলবার (১৭ জুন) সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

ঢাকা ক্যান্টনমেন্ট সংলগ্ন মিরপুর-১৪ এলাকার ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটসংলগ্ন স্থানে জার্সিটি প্রদর্শন করা হচ্ছে।

আয়োজকদের দাবি, এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফ্যান-নির্মিত আর্জেন্টিনা জার্সি। মেসির আইকনিক ১০ নম্বর জার্সির আদলে তৈরি এই উদ্যোগের মাধ্যমে আর্জেন্টাইন অধিনায়কের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

আয়োজকরা জানান, ২০২৬ বিশ্বকাপ মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে পারে—এমন ধারণা থেকেই তার দীর্ঘ ফুটবল ক্যারিয়ার এবং বাংলাদেশের কোটি আর্জেন্টিনা সমর্থকের ভালোবাসার প্রতীক হিসেবে এই জার্সি নির্মাণ করা হয়েছে।

জার্সিটি উন্মোচনের পর থেকেই সেখানে ফুটবলপ্রেমীদের ভিড় লক্ষ্য করা গেছে। দর্শনার্থীরা জার্সির সামনে ছবি তুলে স্মরণীয় মুহূর্ত ধরে রাখছেন।

এদিকে, জার্সি তৈরির পুরো প্রক্রিয়া ও এর পেছনের গল্প তুলে ধরে একটি প্রামাণ্যচিত্রও প্রকাশ করেছে আয়োজকরা।

বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশি সমর্থকদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনার নতুন এক প্রকাশ হিসেবেই দেখছেন আয়োজকরা।

 
ইত্তেফাক /এসএ