মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ১৫৫ জন ভাতাভোগীর মোবাইল ফোনে জুন মাসের ভাতার অর্থ পাঠানো হয়। এছাড়া কয়েকটি দুস্থ ও অসহায় পরিবারের হাতে আর্থিক অনুদানও তুলে দেন প্রধানমন্ত্রী। পরে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সুবিধাভোগীদের মোবাইল অ্যাকাউন্টে ভাতার টাকা স্থানান্তর করা হয়।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী সিলেটে পৌঁছান। সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান তিনি।
সফরসূচি অনুযায়ী, কর্মসূচি শেষে তিনি শ্রীমঙ্গলের দুসাই রিসোর্টে যাবেন। সেখানে সংক্ষিপ্ত বিশ্রাম শেষে একটি রাজনৈতিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সভা শেষে সন্ধ্যায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে সফর ঘিরে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

