ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ভক্তদের নানা কাণ্ড নতুন কিছু নয়। তবে এবারে ব্যতিক্রম কাণ্ড ঘটিয়েছেন এক ব্রাজিল ভক্ত। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ শুরুর আগে ফেসবুক লাইভে ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা জিতলে নিজের মাথা ন্যাড়া করে ফেলবেন।
যেই কথা সেই কাজ। বুধবার (১৭ জুন) সকালে আর্জেন্টিনার জয়ের পর নিজের দেওয়া প্রতিশ্রুতি মাথা ন্যাড়া করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন ভোলার ওই ব্রাজিল সমর্থক।
ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বাসিন্দা হৃদয় নামের ওই ব্রাজিল ভক্ত ম্যাচ শুরুর আগে ফেসবুক লাইভে এসে ঘোষণা দেন, আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয়ী হলে তিনি নিজের মাথা ন্যাড়া করে ফেলবেন।
তার সেই ঘোষণার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টিকে মজার ছলে নিলেও ম্যাচ শেষে দেখা যায়, নিজের কথার বরখেলাপ করেননি তিনি।
বুধবার সকালে লিওনেল মেসি হ্যাটট্রিকের সুবাদে ৩-০ গোলের ব্যবধানে সহজ জয় পায় আর্জেন্টিনা।
এদিকে মাথা ন্যাড়া করার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে নিজের কথার মূল্য রাখতে চ্যালেঞ্জ পূরণ করায় হৃদয় হোসেনের প্রশংসাও করছেন অনেক ফুটবলপ্রেমী।

