যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের বিরুদ্ধে ইরানকে বিপুল পরিমাণ অর্থ ঘুষ দেওয়ার অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১৭ জুন) ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ২০১৫ সালের পরমাণু সমঝোতা কার্যকর করার সময় ওবামা প্রশাসন ইরানের কাছে ১৭০ কোটি ডলার নগদ অর্থ পাঠিয়েছিল। তার দাবি, ওই অর্থ একটি বোয়িং ৭৫৭ উড়োজাহাজে করে তেহরানে পৌঁছে দেওয়া হয়েছিল।
ট্রাম্প বলেন , অর্থের বিনিময়ে সমঝোতায় পৌঁছানোর কৌশল গ্রহণ করেছিল তৎকালীন মার্কিন প্রশাসন। তবে তিনি নিজে এমন নীতি অনুসরণ করেননি বলেও মন্তব্য করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ওই ঘটনার কারণে ইরান ওবামা প্রশাসনকে দুর্বল হিসেবে বিবেচনা করেছিল।
এদিকে ইরানের পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্র ৩০০ বিলিয়ন ডলারের একটি তহবিলে অর্থায়ন করবে এমন খবরও প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। তিনি বলেন, ওয়াশিংটন এ ধরনের কোনো তহবিলে অর্থ দিচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়ার পরিকল্পনা নেই। তবে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো চাইলে ইরানে বিনিয়োগ করতে পারে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক নিয়ে আলোচনার মধ্যেই ট্রাম্প এসব মন্তব্য করেন।

