হেরোইনসহ আটকের পর মাদক কারবারির বাড়িতে ভাঙচুর-আগুন

আপডেট : ১৭ জুন ২০২৬, ২১:০৩

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় হেরোইনসহ একই পরিবারের তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের আটকের পর বিক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বুধবার (১৭ জুন) সকালে উপজেলার ঘিওর সদর ইউনিয়নের গোলাপনগর কুঠিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ঘিওর থানা পুলিশ গোলাপনগর কুঠিবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কথিত মাদক ব্যবসায়ী মমতাজ বেগম ওরফে মম (৪৫), তার স্বামী শামছুল আলম খোকন (৫২) এবং ছেলে রাহিম মিয়া মানিককে (২৫) আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৬৮ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির ১৬ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়। আটক হওয়া তিনজন

স্থানীয়দের অভিযোগ, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের আটকের খবর ছড়িয়ে পড়লে দুপুর ১২টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী তাদের বাড়িতে ভাঙচুর চালায়। একপর্যায়ে বাড়ির একটি অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে রান্নাঘরসহ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঘিওর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।

ঘিওর থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, হেরোইনসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ মামলার আরও এক আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাটিও খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

ইত্তেফাক/এপি