‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’

আপডেট : ১৮ জুন ২০২৬, ১৪:৩৬

শিরোপা ধরে রাখার প্রত্যয় নিয়ে মার্কিন মুল্লুকে পা রেখেছিল বিশ্বচ্যাম্পিয়নরা। তবে টুর্নামেন্টের শুরু থেকে একের পর এক অঘটনের শিকার হচ্ছিল ফেভারিটের তকমা গায়ে জড়িয়ে আসা দেশগুলো। বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়া কিছুটা শঙ্কা ছিল বিশ্ব জুড়ে থাকা কোটি আর্জেন্টাইন সমর্থকদের মনে। 

আর্জেন্টিনাও কি একই ঘটনার পুনরাবৃত্তি করবে? তবে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠের খেলা সব শঙ্কা উড়িয়ে দিল আলবিসেলেস্তেরা। প্রতিপক্ষদের বার্তা দিয়ে রাখলেন, এবারের বিশ্বকাপেরও শিরোপা অন্যতম দাবিদার দক্ষিণ আমেরিকার দেশটি।

গতকাল সকালের কানসাস সিটিতে 'জে' গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ারর বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। যেখানে অধিনায়ক লিওনেল মেসির হ্যাটট্রিকে ৩-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে চ্যাম্পিয়নরা। এমন দুর্দান্ত জয়ের পর ২০২২ কাতার বিশ্বকাপের মতো যুক্তরাষ্ট্রেও শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন মেসি বাহিনী।

এমন দাপুটে জয়ের পর সাধারণ যে কোনো দলের আত্মবিশ্বাস বেড়ে যায় কয়েক গুণ। এমন আত্মবিশ্বাসী কথাই শোনা গেছে গতকাল লিওনেল স্কালোনির কণ্ঠে। বিশ্বকাপজয়ী এই কোচের মতে, আর্জেন্টিনাকে হারানো যে কোনো দলের পক্ষেই কঠিন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, 'এই দল জানে যে, যে কেউ আমাদের হারাতে পারে। একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে গেলেই যে কোনো প্রতিপক্ষ জিতে যেতে পারে। এই বিশ্বকাপে অদ্ভুত এবং কঠিন ঘটনা ঘটছে। আমরা যদি সবকিছু ঠিকঠাক করতে পারি, তাহলে আমাদের হারানো কঠিন হবে।' 

২০১৮ রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ড্র এবং সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল আলবিসেস্তেরা। তবে গতকাল আলজেরিয়াকে হারিয়ে সেই বাধা অতিক্রম করেছে চ্যাম্পিয়নরা। 

তবে স্কালোনি জানেন, সামনে তাদের আরও বড় বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে। তাই আপাতত আগামী ম্যাচের ওপর সব ফোকাস করতে চান কোচ। পরবর্তী লক্ষ্য নিয়ে আর্জেন্টাইন মাস্টারমাইন্ড বলেন, 'শেষ পর্যন্ত পৌঁছানোর জন্য এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। কিন্তু জয় দিয়ে শুরু করাটা সবসময়ই ভালো; এটা নিঃসন্দেহে সবকিছুকে শক্তিশালী করে তোলে।'

ইত্তেফাক/জেডএইচ