বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখেছিলেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার থেম্বা জোয়ানে। এবার আরও বড় শাস্তির মুখে পড়েছেন তিনি। আগামী তিন ম্যাচের জন্য জোয়ানেকে নিষিদ্ধ করেছে ফিফা।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর কাছে ২-০ গোলে হারে। সেই ম্যাচে টুর্নামেন্টের দ্বিতীয় লাল কার্ডটি দেখেছিলেন জোয়ানে। ম্যাচের ৮৪ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার রবার্তো আলবারাডোর মুখে আঘাত করার ঘটনায় সরাসরি লাল কার্ড দেখিয়ে তাকে মাঠ ছাড়তে বাধ্য করেন ব্রাজিলিয়ান রেফারি উইলটন সাম্পাইও।
এর আগে ম্যাচের শুরুতেই আরেক মিডফিল্ডার শেফেলো সিথোলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, যা ছিল আসরের প্রথম লাল কার্ড। ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস কিছুটা অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘দ্বিতীয় লাল কার্ড নিয়ে আমরা আলোচনা করতেই পারি। মেক্সিকান খেলোয়াড় আমার খেলোয়াড়কে ব্লক করেছিল। কিন্তু রেফারির দিক থেকে দেখতে গেলে আমাদের এটি মেনে নিতে হবে। কিন্তু আমার মনে হয় এই ঘটনায় লাল কার্ড এড়িয়ে যাওয়া যেত।’
তবে শেফেলো সিথোলেকে দেখানো লাল কার্ড নিয়ে আপত্তি নেই প্রোটিয়া কোচের। হুগো ব্রুস বলেন, ‘প্রথম লাল কার্ড নিয়ে আমার কোন আপত্তি নেই। তাদের খেলোয়াড় একাই গোলের দিকে এগিয়ে যাচ্ছিল, সিথোলে ফাউল করেছে, আমি এটা মেনে নিচ্ছি।’
বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, লাল কার্ড দেখলে পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞা কার্যকর হয়। তবে ফাউলের মাত্রা বিবেচনায় ফিফার ডিসিপ্লিনারি কমিটি শাস্তির মেয়াদ বাড়াতে পারে। সেই অনুযায়ীই জোয়ানেকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফিফা। তবে ফিফা জানিয়েছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে দক্ষিণ আফ্রিকার ফুটবল ফেডারেশনের।

