ম্যাচ পাতানোর অভিযোগ তদন্তাধীন থাকায় জার্মানির বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ খেলতে কানাডায় যেতে পারেননি আইভরি কোস্টের ২৩ বছর বয়সী স্ট্রাইকার এলিয়ে ওয়াহি। প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় ওয়াহিকে ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন (এফআইএফ)।
এক বিবৃতিতে এফআইএফ জানায়, ‘১৭ জুন আইভরিয়ান খেলোয়াড় ওয়াহিকে নিয়ে প্রকাশিত বিভিন্ন নিবন্ধ ও তথ্যের বিষয়ে অবগত আছে এফআইএফ। তবে এখন পর্যন্ত তাকে নিয়ে কোনো বিচারিক বা প্রশাসনিক কার্যক্রমের বিষয়ে এফআইএফকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এই কঠিন সময়ে ওয়াহির পাশে থেকে পূর্ণ সমর্থন দেবে এফআইএফ। আইভরি কোস্ট জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ওয়াহি।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘কানাডায় প্রবেশের অনুমতি না পাওয়ায় যুক্তরাষ্ট্রেই থাকবেন ওয়াহি।’
প্রসঙ্গত, ফরাসি ক্লাব নিসের হয়ে খেলার সময় ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তদন্তের মুখে পড়েছিলেন ওয়াহি। বিশ্বকাপ শুরুর মাত্র দুই সপ্তাহ আগে তাকে এ জন্য আটক করে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয় এবং এখনো তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে দলে ছিলেন ওয়াহি। তবে দল যখন পরবর্তী ম্যাচের জন্য কানাডার টরন্টোয় যাবে, তখন তিনি দলের সঙ্গে যেতে পারবেন না।
২১ জুন ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হবে আইভরি কোস্ট। ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে আইভরি কোস্ট।

