ইরানের বিষয়ে ‘যথেষ্ট কঠোর নন’ বলে যে সমালোচনা করা হচ্ছে, তার জবাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘এই বোকারা যারা মনে করে আমি ইরানের বিষয়ে যথেষ্ট কঠোর ছিলাম না, যখন শেয়ার বাজার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং তেলের দাম কমছে, তারা হয় হিংসুক, খারাপ মানুষ, অথবা নির্বোধ।’
এই মন্তব্য এসেছে এমন সময়, যখন যুক্তরাষ্ট্রের কিছু আইনপ্রণেতা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তির সমালোচনা করেছেন এবং সতর্ক করেছেন যে, এই চুক্তি ইরানের পারমাণবিক কর্মসূচিকে পর্যাপ্তভাবে সীমাবদ্ধ করে না এবং একই সঙ্গে ইরানকে হরমুজ প্রণালিকে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার চালিয়ে যাওয়ার সুযোগ দেয়।
এর আগে ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, চুক্তি সইয়ের ঠিক আগেই ট্রাম্পকে বলতে শোনা যায় ‘এটা সহজ ছিল না, এইটুকু আমি আপনাদের বলতে পারি।’ এর পরে সমঝোতাপত্রে সই করে অতিথিদের দেখানোর জন্য তিনি তা তুলে ধরেন। পরে ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন ভার্সাই প্রাসাদ থেকে বেরিয়ে মার্কিন প্রেসিডেন্ট চুক্তি সইয়ের বিষয়টি জানান সাংবাদিকদের। —সিএনএন ও বিবিসি

