ব্রাজিল নাকি হাইতি জিতবে, জানাল সুপার কম্পিউটার

আপডেট : ১৯ জুন ২০২৬, ১৭:৪০

ফিফা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (২০ জুন) শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হচ্ছে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হাইতি। আমেরিকার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয়ী হওয়ার স্পষ্ট পূর্বাভাস দিয়েছে আধুনিক সুপার কম্পিউটার। প্রথম ম্যাচে মরক্কোর সাথে এক-এক গোলে ড্র করার পর গ্রুপ পর্বে ঘুরে দাঁড়াতে মরিয়া সেলেসাওদের জন্য এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইতিহাস বলছে ১৯৭৮ সালের পর কোনো বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে জয়হীন থাকার কোনো রেকর্ড নেই ব্রাজিলের।

জানা যায়, ফিফা র‍্যাঙ্কিংয়ের হিসেবে ব্রাজিলের অনেক পেছনে হাইতি। র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান ৬ নম্বরে, আর হাইতি ৮৪ নম্বরে-দুই দলের মধ্যে পার্থক্য ৭৮ ধাপ।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য ম্যাচে ব্রাজিলকেই স্পষ্ট ফেবারিট ধরা হচ্ছে। পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটারও এই ম্যাচে ব্রাজিলের জয়ের একচেটিয়া সম্ভাবনা দেখছে। তাদের হিসাব অনুযায়ী, ম্যাচে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৮৭.৩ শতাংশ। বিপরীতে হাইতির জয়ের সম্ভাবনা মাত্র ৪.৩ শতাংশ এবং ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে ৮.৪ শতাংশ।

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও ব্রাজিলের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা এখনও বেশ উজ্জ্বল। অপটার হিসাব বলছে, গ্রুপ সি-তে শীর্ষস্থান অর্জনের সম্ভাবনা ব্রাজিলের ৫২ শতাংশ। শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা ৯০.৩ শতাংশ। এমনকি শিরোপা জয়ের সম্ভাবনাও ৫.৪ শতাংশ ধরা হয়েছে।

অপ্রদিকে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় হাইতির সমীকরণ কঠিন হয়ে গেছে। তাদের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা মাত্র ৫.৮ শতাংশ। আর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেমে এসেছে ০.৪ শতাংশে।

পরিসংখ্যানের হিসাবেও ব্রাজিল-হাইতি ম্যাচে স্পষ্ট ফেবারিট ব্রাজিল। দুই দলের অতীত রেকর্ড একেবারেই একপেশে। এর আগে তিনবার মুখোমুখি হয়ে তিনবারই জিতেছে ব্রাজিল। সেই ম্যাচগুলোতে ১৭ গোল করেছে সেলেসাওরা, বিপরীতে হাইতির গোল মাত্র একটি। 

সর্বশেষ ২০১৬ সালে কোপা আমেরিকায় ব্রাজিল ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল হাইতিকে।

 

ইত্তেফাক/এনটিএম