টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছরের বন্দুকধারী আটক

আপডেট : ১৯ জুন ২০২৬, ১৮:৫৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্যস্ততম পর্যটন এলাকা টাইমস স্কয়ারে গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে ১৭ বছর বয়সি এক কিশোরকে আটক করেছে পুলিশ। ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে ব্রডওয়ে এলাকায় হঠাৎ গুলির শব্দে পর্যটক ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, গুলির শব্দে পুরো এলাকা মুহূর্তেই বিশৃঙ্খল হয়ে পড়ে এবং অনেকে নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়াতে থাকেন।

নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানায়, আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, একটি দলের মধ্যে ঝগড়া থেকে এই গুলির ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে সন্দেহভাজন এক কিশোরকে আটক করা হয়। কর্মকর্তারা জানান, তার বয়স ১৭ বছর হলেও এখনো তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ গুলির শব্দে মানুষ দিকবিদিক ছুটতে থাকে এবং শিশুরাও ভয়ে পড়ে যায়। ঘটনাস্থলে থাকা অনেকেই নিরাপত্তার জন্য দোকান ও ভবনের ভেতরে আশ্রয় নেন।

নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং আরও সম্ভাব্য সন্দেহভাজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে এটি টাইমস স্কয়ারে দ্বিতীয় গুলির ঘটনা। এর আগে ১৪ জুনের একটি ঘটনায় ভিড়ের মধ্যে গুলিবর্ষণে একজন কিশোর আহত হয়।

টানা দুই ঘটনার পর ব্যস্ত এই পর্যটন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

গতকাল বৃহস্পতিবারের গুলির ঘটনা এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়। এর আগে গত ১৪ জুন স্থানীয় সময় রাত ২টার দিকে দুজন সন্দেহভাজন জনতার দিকে হ্যান্ডগান দিয়ে গুলি চালায়।

ইত্তেফাক/এমএএম