মোহাম্মদপুরে বিএনপি নেতাকে ছুরিকাঘাত, রাজনৈতিক বিরোধের ইঙ্গিত পুলিশের

আপডেট : ১৯ জুন ২০২৬, ১৯:৫৫

রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির এক নেতাকে বাসার নিচে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং এলাকার ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

আহত মো. নুরুল ইসলাম (৫৫) মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, দুটি মোটরসাইকেলে করে আসা ছয় দুর্বৃত্ত নুরুল ইসলামকে তার বাসার নিচে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলায় তার মুখের বাঁ পাশ, কাঁধ ও বাঁ হাতে গুরুতর আঘাত লাগে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, প্রাথমিকভাবে রাজনৈতিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করছে।

ইত্তেফাক/এমএএম