শেরপুরে ৩৩ হাজার কেজি সরকারি চাল জব্দ

আপডেট : ১৯ জুন ২০২৬, ২০:৪৭

শেরপুর শহরের একটি রাইস প্রসেসিং মিল থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন ১০০ কেজি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকালে সদর থানার ওসি সোহেল রানা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শহরের চাপাতলী এলাকার ‘জেবিন রাইস প্রসেসিং মিলে’ অভিযান চালিয়ে এসব চাল জব্দ ও ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক বোরহান উদ্দিন (৩২) শহরের কসবা কাঠগড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ৩০ কেজি বস্তায় থাকা বিপুল পরিমাণ সরকারি চাল অন্য বস্তায় স্থানান্তর করা হচ্ছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় ওই মিল থেকে ৩৩ হাজার ১শ কেজি সরকারি চাল জব্দ এবং ব্যবসায়ী বোরহান উদ্দিনকে আটক করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। এর আগেও বোরহান উদ্দিনের বিরুদ্ধে সরকারি চাল কারসাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

সদর থানার ওসি সোহেল রানা বলেন, জব্দকৃত চাল কীভাবে এখানে মজুদ করা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ইত্তেফাক/এপি