রোনালদোকে ‘স্বার্থপর’ কটাক্ষ করে অবসর নিতে বললেন নেভেসের প্রেমিকা 

আপডেট : ২০ জুন ২০২৬, ০০:২১

ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছে পর্তুগাল। এই ম্যাচে একেবারে নিষ্প্রভ ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচে ২৫ বার বলে স্পর্শ করলেও তিনটি শটের একটিও লক্ষ্যে রাখতে পারেননি পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। 

এতেই রোনালদোকে ঘিরে এক ধরনের অস্থিরতাই তৈরি হচ্ছে পর্তুগাল ফুটবলে। খেলোয়াড়দের বোন, প্রেমিকা এবং রোনালদোর সতীর্থদের কিছু মন্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে।

হতাশ ক্রিশ্চিয়ানো রোনালদো

রোনালদো যে বাকি আর দশজন সাধারণ খেলোয়াড়ের মতোই, এক মন্তব্যে তা মনে করিয়ে দিয়েছিলেন পর্তুগালের মিডফিল্ডার জোয়াও নেভেস। এরপর থেকেই শুরু বিতর্কের। নেভেসের এই মন্তব্য মেনে নিতে পারেননি কিছু রোনালদো–ভক্ত। তারা নেভেসের ওপর ক্ষোভ প্রকাশ করেন। 

একপর্যায়ে ‘রোনালদোবিরোধী’ মন্তব্য করে বসেন নেভেসের প্রেমিকা মাদালেনা আরাগাও। তার একটি মন্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল। 

ইনস্টাগ্রামে নেভেসের সঙ্গে আরাগাওয়ের একটি ছবির মন্তব্যে এক রোনালদো–ভক্ত লেখেন, ‘তোমার প্রেমিককে বলো আমার আইডলকে (রোনালদো) বল পাস দিতে।’ ওই মন্তব্যের উত্তরে মাদালেনা লিখেছেন, ‘তোমার আইডলকে বলো অবসর নিতে, সে খুবই স্বার্থপর।’

পর্তুগালের মিডফিল্ডার জোয়াও নেভেস ও তার প্রেমিকা মাদালেনা আরাগাও

এদিকে রোনালদোর বোনের একটি ইনস্টাগ্রামের পোস্ট নিয়েও এখন আলোচনা চলছে। ডিআর কঙ্গোর বিপক্ষে রোনালদো ছিলেন একেবারেই ম্লান, হাতছাড়া করেছেন দুটি সুযোগও। ম্যাচটি ড্র হওয়ার পর থেকে রোনালদোর বিরুদ্ধে সমালোচনার ঝড়ই বয়ে যাচ্ছে। 

এসবের জবাবেই রোনালদোর বোন লিখেছেন, ‘তারা জাদুমন্ত্রে যেন ভুলেই গেছে, কীভাবে বল কেড়ে নিতে হয়, ডুয়েল জিততে হয় অথবা কাউন্টার অ্যাটাক করতে হয়। মাঝমাঠের খেলা তো কেবল পেছনের দিকেই যাচ্ছিল। এই বিশ্বকাপটা অদ্ভুত, বড্ড অদ্ভুত।’

ইত্তেফাক/জেডএইচ