চলতি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জার্মানির অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। অবশ্য এর আগেও একবার অবসর নিয়ে পুনরায় জাতীয় দলের হয়ে মাঠে ফেরেন এ তারকা গোলরক্ষক।
বৃহস্পতিবার (১৯ জুন) এক সংবাদ সম্মেলনে নয়্যার বলেন, ‘২০২৪ সালে ঘরের মাঠের ইউরো খেলার পর অবসরের সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার কাছে সঠিক সিদ্ধান্ত মনে হয়েছিল। গত দুই বছর জাতীয় দলে নিয়মিত খেলে যাওয়া আমার জন্য বাড়তি চাপ হয়ে যেত।’
তিনি আরও বলেন, ‘এটা আমার শেষ টুর্নামেন্ট। এটি আমি নিশ্চিত। দুই বছর পর ইউরোতে খেলার কোনো পরিকল্পনা নেই। কয়েক দিন ধরেই বুঝতে পারছি, জার্মানির হয়ে এটাই আমার শেষ কয়েকটি ম্যাচ। তবে বিদায়ের কথা না ভেবে সামনের ম্যাচগুলোর দিকেই মনোযোগ দিতে চাই।’
২০২৪ সালের ইউরো শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন নয়্যার। ২০২৬ বিশ্বকাপে খেলতে অবসর ভেঙ্গে আবারও জাতীয় দলে ফেরেন তিনি।
২০১৮ ও ২০২২ বিশ্বকাপে প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানি। টানা দুই বিশ্বকাপের ব্যর্থতাকে ভুলে সামনে তাকাতে চান নয়্যার।
তিনি বলেন, ‘অতীতে বিশ্বকাপের ফল নিয়ে আমরা ভাবতে চাই না। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। দলও ভালো করতে মুখিয়ে আছে। জয় দিয়ে ভালোভাবে আসর শুরু করেছি আমরা। এখন আমাদের একমাত্র লক্ষ্য আইভরি কোস্ট ম্যাচ। দ্বিতীয় ম্যাচ জিতে নকআউট পর্ব নিশ্চিত করতে পারলে সেটা বিশেষ কিছু হবে। তখন আমরা আরও বড় পরিকল্পনা করতে পারবো।’
‘ই’ গ্রুপে নবাগত কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে জার্মানি। আগামীকাল শনিবার আইভরি কোস্টের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে তারা। এ ম্যাচ জিতলেই এক ম্যাচ হাতে রেখেই নকআউট নিশ্চিত করবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এবারের আসর জিততে পারলে দেশটির ইতিহাসে একমাত্র ফুটবলার হবেন নয়্যার, যিনি হবেন দুইবার বিশ্বকাপ জয়ী। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে আরেকটি বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ায় খুশি তিনি।
নয়্যার বলেন, ‘আবার জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলতে পারাটা আমার জন্য উপহারের মতো। দ্বিতীয়বার শিরোপা জিততে পারলে অবশ্যই বিশেষ কিছু হবে। তবে যদি বিশ্বাস না করতাম যে, আমরা এটা করতে পারি তাহলে আমি এখানে থাকতে পারতাম না।’

