স্কটল্যান্ডকে ব্রাজিলের থেকে শক্তিশালী মনে করেন মরক্কোর কোচ

আপডেট : ২০ জুন ২০২৬, ০১:৫৪

ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করে এবারের বিশ্বকাপ শুরু করেছে মরক্কো। গত বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিল আফ্রিকার দেশটি। এবার তাদের লক্ষ্য ফাইনাল খেলা। 

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মোকাবিলা করবে মরক্কো। স্কটিশদেরকে ব্রাজিলের থেকেও শক্তিশালী মনে করেন মরক্কোর কোচ ওয়াহবি। তিনি বলেন, স্কটল্যান্ড শারীরিকভাবে শক্তিশালী এবং দ্বিতীয় বল ও এরিয়াল ডুয়েলে তারা বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ব্রাজিলও শক্তিশালী ছিল, তবে আমাদের সংগঠিত রক্ষণভাগ ধরে রেখে পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে।

ব্রাজিলের সঙ্গে ড্র করায় ফিফা র‍্যাংকিংয়ে রেকর্ড উন্নতি করে ষষ্ঠ স্থানে উঠে এসেছে মরক্কো। তবে দলটির ওয়াহবি বলেছেন, এই সাফল্যে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে দলকে।

মরক্কো কোচ বলেন, ‘আমাদের ম্যাচটি নিয়ন্ত্রণ করতে হবে, খেলাটি যাতে আক্রমণ-পাল্টা আক্রমণে পরিণত না হয় সেজন্য শান্ত থাকতে হবে এবং আমাদের খুব বেশি চাপে পড়া চলবে না। আমাদের প্রিমিয়ার লিগের খেলোয়াড় আছে। তারা এই বিষয়ে পারদর্শী কিন্তু আমরাও অন্যান্য বিষয়ে পারদর্শী। আমি আমাদের পরিকল্পনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি না, তবে আমরা প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপের আগে কিছু কাজ করতে পারলে ভালো হতো কিন্তু এখন আমাদের সেগুলো বিশ্বকাপের সময়ে বা পরে করতে হচ্ছে। আমাদের প্রথম একাদশের জন্য অনেক বিকল্প আছে এবং সব জায়গায় সমাধানও রয়েছে, কিন্তু আমরা শান্ত আছি। নায়েফ ও আবদেকে হারানোর পরেও দল আতঙ্কিত হয়নি। ব্রাজিলের অধ্যায় আমাদের ভুলে যেতে হবে। গ্রুপে স্কটল্যান্ড এখনও আমাদের থেকে এগিয়ে আছে। তাদের ৩ পয়েন্ট আর আমাদের ১ পয়েন্ট। আমাদের আরও ভালো করতে হবে।’

ইত্তেফাক/জেডএইচ