জয় দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচেই ম্যাজিক দেখিয়েছেন লিওনেল মেসি। তার হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় পায় আলবিসেলেস্তেরা। তবে ম্যাচে মেসির করা একটি ট্যাকল বিতর্কের জন্ম দেয়। যা নিয়ে এবার ফিফার কাছে অভিযোগ দিয়েছে আলজেরিয়া।
শুক্রবার (১৯ জুন) বিষয়টির সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। ফিফার রেফারিং কমিশনের কাছে পাঠানো অভিযোগে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে প্রথমার্ধের একটি ঘটনা, যেখানে আর্জেন্টাইন অধিনায়ক মেসি আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির পায়ের পেশিতে (ক্যাফ) পা দিয়ে আঘাত করেছিলেন।
ওই ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেওয়ার কিছুক্ষণ পরই মেসি ওই চ্যালেঞ্জটি করেন। পরে তিনি হ্যাটট্রিক পূর্ণ করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোসার সমতায় পৌঁছে যান। দুজনের গোল সমান ১৬টি করে।
কানসাস সিটিতে অনুষ্ঠিত আর্জেন্টিনা-আলজেরিয়ার ম্যাচটি পরিচালনা করেন পোল্যান্ডের রেফারি শিমন মারচিনিয়াক। তিনি কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিলেন, যেখানে আর্জেন্টিনা টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল।

