ফুটবল বিশ্বে সবচেয়ে পুরনো আর জমজমাট প্রতিদ্বন্দ্বিতার নাম ব্রাজিল বনাম আর্জেন্টিনা। আর যদি এমন হয়, আপনি ব্রাজিলের সমর্থক, কিন্তু আপনার সঙ্গী আর্জেন্টিনার ভক্ত তাহলে সম্পর্কের মাঠেও মাঝে মাঝে শুরু হতে পারে ছোটখাটো ‘সুপার ক্লাসিকো’।
তবে ভয় নেই। একটু হাস্যরস, একটু ধৈর্য আর কিছু কৌশল জানলেই এই ফুটবল যুদ্ধকে রোমান্টিক আনন্দে পরিণত করা সম্ভব।
ম্যাচের আগে করে নিন ‘শান্তি চুক্তি’
বড় ম্যাচের আগে ঠিক করে নিন, কে কতটা মজা করতে পারবেন। কারণ ম্যাচের আগে ‘আজ তোমাদের হার নিশ্চিত’ ধরনের মন্তব্য অনেক সময় ম্যাচ শেষে ঝামেলার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই খোঁচা থাকুক, তবে সীমার মধ্যে।
মেসি-নেইমার বিতর্কে যাবেন না
একজন বলবেন মেসিই সেরা, অন্যজন বলবেন নেইমারের মতো প্রতিভা আর নেই। এই বিতর্কের শেষ খুঁজতে গেলে রাত পেরিয়ে যাবে, কিন্তু সিদ্ধান্ত আসবে না। তাই এমন বিষয়ে বিচারকের দায়িত্ব না নেওয়াই ভালো।
ম্যাচ চলার সময় সম্পর্কের হিসাব নয়
ম্যাচের উত্তেজনার সময় আমাকে কতটা ভালোবাসো? বা আমার জন্য কী করতে পারো?-এমন প্রশ্ন না করাই ভালো। কারণ তখন সঙ্গীর পুরো মনোযোগ থাকে মাঠের দিকে। গোল খাওয়া বা হারার মুহূর্তে আবেগও থাকে তুঙ্গে।
হারলে সান্ত্বনা দিন, ট্রল নয়
আপনার দল জিতেছে বলে সঙ্গীকে সারারাত মিম পাঠানো বা পুরনো হারগুলোর হিসাব খুলে বসা সম্পর্কের জন্য লাল কার্ড পাওয়ার মতো কাজ। আজ আপনি জিতেছেন, কাল পরিস্থিতি উল্টেও যেতে পারে। তাই সঙ্গীর প্রিয় দল হেরে গেলে তাকে সান্ত্বনা দিন।
আলাদা জার্সি, একসঙ্গে ছবি
একজন হলুদ-সবুজ, আরেকজন আকাশি-সাদা জার্সি পরে ছবি তুলুন। সোশ্যাল মিডিয়ায় ক্যাপশন দিতে পারেন ‘ঘরে শান্তি আছে, শুধু টিভির সামনে নেই!’
ম্যাচের দিন খাবার নিয়ে ঝগড়া নয়
যে দলই জিতুক, পিজ্জা, বার্গার বা চায়ের দায়িত্ব আগে থেকেই ভাগ করে নিন। খালি পেটে ফুটবল বিতর্ক সাধারণত বেশি ভয়ংকর হয়ে ওঠে।
মনে রাখুন, সম্পর্ক ট্রফির চেয়েও মূল্যবান
বন্ধুত্বপূর্ণ মজা সম্পর্ককে আরও প্রাণবন্ত করে। কিন্তু প্রিয় দলের হারকে কেন্দ্র করে ব্যক্তিগত আক্রমণ করলে দূরত্ব তৈরি হতে পারে। মনে রাখতে হবে, ফুটবল শুধু বিনোদনের অংশ, সম্পর্ক তার চেয়েও বড়।
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থক যুগলদের জীবন অনেকটা টানটান একটি ম্যাচের মতো। কখনো হাসি, কখনো তর্ক, কখনো মজার খোঁচা। তবে ভালোবাসা থাকলে শেষ পর্যন্ত জয় হয় সম্পর্কেরই।
দুই দলের জার্সির রং আলাদা হতে পারে, কিন্তু ভালোবাসার মাঠে দুজনের দল একটাই।

