আমি কখনও আকুতি করি না, ট্রাম্পের দাবি মনগড়া: মেলোনি

আপডেট : ২০ জুন ২০২৬, ১৯:২৮

জি-৭ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য অনুরোধ করেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে ‘মনগড়া’ বলে উড়িয়ে দিয়েছেন মেলোনি। তিনি বলেছেন, ইতালি কখনও কারও কাছে অনুগ্রহ চায় না এবং তিনিও কারও কাছে অনুরোধ করেন না।

ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্পকে উদ্ধৃত করে ইতালীয় টেলিভিশন চ্যানেল জানায়, মেলোনির সঙ্গে আলাপের প্রসঙ্গে তিনি বলেন, “সে সম্ভবত খুশি যে আমি তার সঙ্গে কথা বলেছি।”

এ মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় মেলোনি বলেন, ট্রাম্পের বক্তব্যে তিনি সত্যিই অবাক হয়েছেন।

তিনি বলেন, “আমি জানি না কেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিত্রদের সঙ্গে এভাবে আচরণ করেন। কিন্তু একটি বিষয় তাকে মনে রাখতে হবে—আমি বা ইতালি কখনও কারও কাছে অনুরোধ করি না।”

মেলোনি আরও বলেন, পশ্চিমা বিশ্বের মিত্রদের প্রতি ট্রাম্প যে কঠোর ভাষা ব্যবহার করেন, প্রতিপক্ষ দেশগুলোর নেতাদের ক্ষেত্রে তাকে ততটা দৃঢ় দেখা যায় না।

এ ঘটনায় হোয়াইট হাউসের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২০২২ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর মেলোনিকে ট্রাম্পের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্রদের একজন হিসেবে দেখা হতো। ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়া একমাত্র ইউরোপীয় নেতাও ছিলেন তিনি।

তবে সাম্প্রতিক সময়ে ইরান ইস্যুসহ কয়েকটি বিষয়ে দুই নেতার মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। গত এপ্রিলে ইতালীয় দৈনিক কোরিয়েরে দেলা সেরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প মেলোনি সম্পর্কে বলেন, “আমি ভেবেছিলাম তার সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম।”

ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর ইতালির রাজনৈতিক অঙ্গনে মেলোনির প্রতি সমর্থনের ঢল নেমেছে। দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা ফোন করে তার প্রতি সমর্থন জানান। সরকার ও বিরোধী দলের নেতারাও ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেছেন।

সূত্র: বিবিসি

ইত্তেফাক/এসএ