নকআউট পর্বে নিষেধাজ্ঞার শঙ্কায় ব্রাজিলের ৩ খেলোয়াড়

আপডেট : ২০ জুন ২০২৬, ১৯:০৭

বিশ্বকাপে এরই মধ্যে দুই ম্যাচ খেলে ফেলেছে ব্রাজিল। মরক্কোর সঙ্গে হতাশার ড্রয়ে ‘হেক্সা অভিযান’ শুরু করলেও শনিবার হাইতিকে সহজেই হারিয়েছে সেলেসাওরা।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে ব্রাজিল। কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দলটির ক্যাম্পে উদ্বেগ বাড়ছে। সেই ম্যাচে হলুদ কার্ড পেলেই কপাল পুড়তে পারে ৩ খেলোয়াড়ের।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে স্কটল্যান্ডের সঙ্গে ড্র করলেই শীর্ষ দুইয়ে থেকে নকআউট পর্বে খেলা নিশ্চিত হবে ব্রাজিলের। আর জিতলে হতে পারে গ্রুপ চ্যাম্পিয়ন।

কিন্তু এই ম্যাচে মিডফিল্ডার কাসেমিরো, লেফট ব্যাক দগলাস সান্তোস ও সেন্টার ব্যাক রজার ইবানিয়েজ হলুদ কার্ড দেখলেই শেষ বত্রিশের ম্যাচে নিষিদ্ধ হবেন। তিনজনই এখন পর্যন্ত একটি করে হলুদ কার্ড দেখেছেন।

Casemiro, Ancelotti's lieutenant and symbol of Brazil troubles

বিশ্বকাপে ম্যাচের সংখ্যা বেড়ে যাওয়ায় ফিফা হলুদ কার্ড ও শাস্তির নিয়মে একটি বড় পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের জমে থাকা হলুদ কার্ড এখন থেকে দুটি ধাপে মুছে ফেলা হবে।

গ্রুপ পর্ব শেষ হওয়ার পর যখন নকআউট পর্ব বা দ্বিতীয় পর্ব শুরু হবে, তখন আগের কার্ডগুলো বাতিল হয়ে যাবে। কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগেও খেলোয়াড়দের কার্ডের হিসাব আবার নতুন করে শুরু হবে।

তবে কোনো খেলোয়াড় যদি গ্রুপ পর্বের শেষ ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পান, তাহলে শেষ বত্রিশের (রাউন্ড অব থার্টি টু) ম্যাচে নিষিদ্ধ থাকবেন।

ইত্তেফাক/এসএইচ