সময়টা ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। ডিআর কঙ্গোর বিপক্ষে বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচে নিষ্প্রভ ছিলেন তিনি। যা নিয়ে সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে তাকে। তবে এমন কঠিন সময়ে রোনালদোর পাশে দাঁড়ালেন পর্তুগাল ডিফেন্ডার রুবেন দিয়াস। তিনি জানালেন, পারফর্ম করতে না পারায় দলের অন্যরাও কাঠগড়ায় আছেন।
ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছে পর্তুগাল। এই ম্যাচে একেবারে নিষ্প্রভ ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচে ২৫ বার বলে স্পর্শ করলেও তিনটি শটের একটিও লক্ষ্যে রাখতে পারেননি পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।
রোনালদোর এমন পারফরম্যান্সের পর ফ্রান্স ও আর্সেনালের কিংবদন্তি থিয়েরি অঁরি তো রোনালদোর বিরুদ্ধে স্বার্থপরতার অভিযোগও এনেছেন। তিনি রোনালদোকে উদ্দেশ করে বলেন, ‘দলের গোল করা প্রয়োজন, সেটা আপনারই হতে হবে, তা নয়।’
রোনালদোকে নিয়ে চলা এই সমালোচনা প্রসঙ্গে রুবেন দিয়াস বলেন, ‘প্রথমত, এই সমালোচনা শুধু একজন খেলোয়াড়কে উদ্দেশ্য করে করা হচ্ছে না। রোনালদো সবার মনোযোগের কেন্দ্রে থাকেন, তবে আমার মনে হয় আমরা সবাই কাঠগড়ায় আছি। এখানে অস্বাভাবিক কিছু ঘটছে না। আমি দলে আসার পর থেকেই পরিস্থিতি এমন দেখছি। ভবিষ্যতেও এমন থাকবে।’
তিনি বলেন, ‘দিন শেষে এগুলো শুধু বাইরের কথাবার্তা। আমরা এসব থেকে নিজেদের দূরে রাখি এবং নিজেদের কাজে মনোযোগ দিই।’
পারফরম্যান্স নিয়ে সমালোচনাকে অবশ্য ইতিবাচক হিসেবেই দেখছেন দিয়াস। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, কঠিন পরিস্থিতি ভালো কিছুর জন্ম দেয়। বাধা এলেই বোঝা যায় আমাদের যোগ্যতা কতটুকু। আমরা একে ইতিবাচক হিসেবে দেখছি।’
ব্রুনো ফার্নান্দেস ও ভিতিনিয়া রোনালদোকে পর্যাপ্ত বল দিচ্ছেন না- এমন দাবি করেছেন অনেকে। এ প্রসঙ্গে দিয়াস বলেন, ‘আপনারা যা বলছেন, তেমন কিছু আমার চোখে পড়েনি। চারদিকে অনেক গুঞ্জন ও ফিসফাস চলছে। ফলাফল প্রত্যাশামতো না হলে এমন গুঞ্জন তিন গুণ বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। তবে এতে আমাদের আত্মবিশ্বাসে বিন্দুমাত্র চিড় ধরেনি।’
পর্তুগিজ এই ডিফেন্ডার আরও বলেছেন, ‘এমন বড় টুর্নামেন্টে আপনি সব সময় সবকিছু নিখুঁত আশা করতে পারেন না। আমার মনে হয়, কঠিন পরিস্থিতি যত দ্রুত আসে, ততই ভালো। ম্যাচ বাই ম্যাচ উন্নতি করার মানসিকতা থাকলেই কেবল জেতা সম্ভব।’

