সুইজারল্যান্ডে নতুন দফার বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান, গুরুত্ব পাচ্ছে লেবানন ইস্যু 

আপডেট : ২১ জুন ২০২৬, ১৪:৫৪

ইরানের সঙ্গে প্রাথমিক সমঝোতা চুক্তি নিয়ে আলোচনা করতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর আগে শনিবার রাতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও সেখানে পৌঁছায়।

রোববার (২২ জুন) সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার সরাসরি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এবারের আলোচনায় বিশেষভাবে লেবানন পরিস্থিতি ও ইসরাইল-হিজবুল্লাহ সংঘাত নিয়ে একটি জরুরি অধিবেশন যুক্ত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আলোচনার শুরুতেই এ বিষয়টি উত্থাপন করা হবে। তবে ওই অধিবেশনে ইসরাইল বা হিজবুল্লাহর কোনো প্রতিনিধি অংশ নেবেন না।

সুইজারল্যান্ড সফরের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেডি ভ্যান্স বলেন, পারমাণবিক কর্মসূচি এবং লেবাননে যুদ্ধবিরতি-সংক্রান্ত বিষয়ে ইতিবাচক অগ্রগতির আশা করছেন তিনি।

অন্যদিকে শনিবার সিএনএনকে এক ইরানি কর্মকর্তা জানান, লেবাননের সংঘাতের অবসান ঘটানোই তাদের প্রতিনিধিদলের আলোচ্যসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

বিশ্লেষকদের মতে, লেবাননে সাম্প্রতিক উত্তেজনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার ভবিষ্যৎকে জটিল করে তুলতে পারে। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলার জবাবে তারা আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে।

তেহরানের অভিযোগ, দক্ষিণ লেবাননে ইসরাইলের সাম্প্রতিক প্রাণঘাতী হামলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার চেতনার পরিপন্থি। এ কারণেই তারা হরমুজ প্রণালিতে কঠোর অবস্থান নিয়েছে বলে দাবি করেছে।

তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে নৌ চলাচল স্বাভাবিক রয়েছে। তাদের তথ্য অনুযায়ী, শনিবার হরমুজ প্রণালি দিয়ে ৫৫টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে এবং এর মাধ্যমে ১ কোটি ৭০ লাখ ব্যারেলের বেশি তেল বিশ্ববাজারে পরিবহন করা হয়েছে।

ইত্তেফাক/এসজে