সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মৌখিক পরীক্ষার নম্বর ১০০-তেই বহাল রাখার সিদ্ধান্তের কথা জাতীয় সংসদে জানিয়েছে সরকার। রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১১তম কার্যদিবসে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. আব্দুল বারী।
মন্ত্রী বলেন, বিসিএস পরীক্ষার ভাইভা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত করতে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ নির্ধারণ করা হয়েছে, যা ভবিষ্যতেও বহাল থাকবে।
তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১১ ডিসেম্বর জারি করা বিশেষ প্রজ্ঞাপন (এসআরও নং ৪১২-আই/২০২৪) অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। প্রজ্ঞাপনের বিধি ১৮-এর উপবিধি (১)-এর সারণি অনুযায়ী মৌখিক পরীক্ষার নম্বর পুনর্নির্ধারণ করা হয়।
মো. আব্দুল বারী আরও জানান, চলমান ৪৭তম বিসিএস থেকে ১০০ নম্বরের নতুন কাঠামোয় মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। এছাড়া বিশেষ বিসিএস হিসেবে অনুষ্ঠিত ৪৮তম ও ৪৯তম বিসিএসেও একই পদ্ধতিতে ভাইভা অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, ২০২৫ সালের ২৭ মে প্রকাশিত ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’-এর সংশোধিত বিশেষ বিধানের আওতায় এসব পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মন্ত্রী জানান, আসন্ন ৫০তম বিসিএসসহ পরবর্তী সব বিসিএস পরীক্ষায় ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে। সরকারের এ সিদ্ধান্তের ফলে বিসিএস নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ, গতিশীল ও বৈষম্যহীন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

