লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের বাড়িতে ভাঙচুর ও আগ্নেয়াস্ত্র প্রদর্শনে অভিযোগ উঠেছে করেছে ছোট ভাই সুমন মজুমদার। রোববার (২১ জুন) দিবাগত রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে সকাল ১০টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌর ২ নম্বর ওয়ার্ডের কমরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভোক্তভুগী সাত্তার মজুমদার রামগঞ্জ উপজেলার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম মজুমদারের ছেলে। তিনি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত সুমন মজুমদার তার আপন ছোট ভাই।
১ মিনিট ২ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, সুমন একটি পিস্তল হাতে উত্তেজিত অবস্থায় সাত্তার মজুমদারের বাড়িতে প্রবেশ করেন। পরে হাতে থাকা পিস্তলের বাঁট ও ফুলের টব দিয়ে জানালার কাঁচ ভাঙচুর করে। এসময় একজন নারী তাকে থামানোর চেষ্টা করতে দেখা যায় ফুটেজে।
স্থানীয়ভাবে জানা যায়, একটি এনজিওর লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ভাই আবদুস সাত্তার মজুমদারের সঙ্গে বিরোধের জেরে এ ঘটনা ঘটিয়েছেন সুমন মজুমদার। সে দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার পাশাপাশি মাদক ব্যবসারও অভিযোগ রয়েছে।
এদিকে পুলিশ বলছে, ঘটনার পর থেকে সুমন পলাতক রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রামগঞ্জ থানার ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। তবে সুমনের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। ঘটনার পর সে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

