জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সাধারণ আলোচনায় বক্তব্য দিতে উঠে বাজেট নিয়ে কোনো আলোচনাই করেন নি জামালপুর-২ আসনের বিএনপি এমপি এ ই সুলতান মাহমুদ বাবু।
সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিতে দাঁড়ান জামালপুর-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু।
নির্ধারিত সাত মিনিট সময়ের মধ্যে বক্তব্য শুরুর পর থেকেই তিনি বাজেটের কাঠামো, রাজস্ব বা ব্যয়ের দিক না তুলে দলীয় ইতিহাস, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণে সময় ব্যয় করেন।
একই সঙ্গে তিনি নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রসঙ্গও তুলে ধরেন এবং স্থানীয় মানুষের প্রত্যাশার কথা উল্লেখ করেন।
বক্তব্যের এক পর্যায়ে তিনি সময় বাড়ানোর অনুরোধ জানালে পরিস্থিতি সরাসরি হস্তক্ষেপ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় স্পিকার মন্তব্য করেন, “আপনি তো বাজেট নিয়ে কথাই বলেন নাই।”
স্পিকারের এমন মন্তব্যের পর তাকে সংক্ষিপ্তভাবে বক্তব্য শেষ করার নির্দেশ দেওয়া হয়।
এরপর এ ই সুলতান মাহমুদ বাবু বলেন, তার এলাকার মানুষ তাকে তিনবার সংসদে পাঠিয়েছে এবং তারা উন্নয়ন চায়। তিনি ভবিষ্যতে ৭১ বিধির আওতায় এলাকার সমস্যা নিয়ে বিস্তারিত কথা বলার ইচ্ছার কথাও জানান।

