ঝিনাইদহের কালীগঞ্জে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার মামলায় আসামিকে আবু তাহের (৩৩) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২২ জুন) দুপুরে ঝিনাইদহের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান আসামির উপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আকিদুল ইসলাম। দণ্ড পাওয়া আবু তাহের উপজেলার বাদেডিহি গ্রামের রফিউদ্দিনের ছেলে।
পিপি আকিদুল বলেন, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি উপজেলার একটি গ্রামের বাড়ি থেকে শিশুটি নিখোঁজ হয়। পরদিন সকালে পার্শ্ববর্তী একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে অজ্ঞাত পরিচয়দের আসামি করে কালীগঞ্জ থানায় মামলা করেন। ঘটনার দুই দিন পর প্রতিবেশী আবু তাহেরকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি বলেন, হত্যার দায় স্বীকার করে আবু তাহের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তদন্ত শেষে ২৬ মে আবু তাহেরকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনার চার মাসের মধ্যে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়; এ ছাড় অন্য একটি ধারায় তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান পিপি আকিদুল ইসলাম।
রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘মাত্র পাঁচ কার্যদিবসের মধ্যে আদালত আসামিকে সর্বোচ্চ সাজা ফাঁসির আদেশ দিয়েছে। আমরা চাই রায় দ্রুত কার্যকর হোক। তবেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।’

