ইরানের তেল বিক্রির ওপর মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহার

আপডেট : ২২ জুন ২০২৬, ২১:৩৩

ইরানের তেল খাতের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে শিথিল করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (২২ জুন) মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ৬০ দিনের জন্য এ সুবিধা কার্যকর থাকবে।

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রোববার (২১ জুন) বার্গেনস্টকে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় স্কট বেসেন্ট বলেন, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচল নির্বিঘ্ন রাখার পাশাপাশি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের সহযোগিতা করার বিষয়ে ইরান প্রতিশ্রুতি দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন অর্থ বিভাগ ইরানের তেল উৎপাদন, পরিবহন ও বিক্রির ক্ষেত্রে ৬০ দিনের একটি সাধারণ লাইসেন্স অনুমোদন করেছে।

এই ব্যবস্থার ফলে আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরান আন্তর্জাতিক বাজারে তুলনামূলক কম বাধার মুখে তেল রপ্তানি করতে পারবে। দীর্ঘদিনের কঠোর নিষেধাজ্ঞার কারণে চাপে থাকা দেশটির অর্থনীতির জন্য এটি গুরুত্বপূর্ণ স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করার লক্ষ্যেই ওয়াশিংটন এ পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় অগ্রগতি ধরে রাখার ক্ষেত্রেও এই সিদ্ধান্ত ভূমিকা রাখতে পারে।

সূত্র : সিএনএন

 

ইত্তেফাক/এবিএস