আট বিঘা জমিতে নির্মিত
. পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
খুলনা জেলার লবণাক্ত তিন উপজেলার খাওয়ার পানির একমাত্র উৎস পাইকগাছার আলমশাহী পুকুর। পাইকগাছা, দাকোপ ও কয়রা উপজেলার কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ এই পুকুর থেকে খাওয়ার পানি সংগ্রহ করে। তিন উপজেলার সিমান্ত পাইকগাছার গড়ইখালীতে এ মিষ্টি পানির পুকুরটি অবস্থিত ।
প্রতিদিন ভোর থেকে রাত প্রায় ১০টা পর্যন্ত অসংখ্য নারী-পুরুষ এ পুকুর থেকে খাবার পানি সংগ্রহ করেন । উপকূলে পানি থইথই করছে তা সবই লবণ পানি, সুপেয় খাওয়ার পানির খুব অভাব। পুকুরের পানি সরবরাহ করে অনেকে জীবিকা নির্বাহ করছে। প্রতিদিন ১৩টি নসিমন ও ৩০ থেকে ৪০টি ব্যাটারিচালিত ভ্যান ও নদী পথে কয়েকটি ট্রলারযোগে বাড়ি বাড়ি পানি পৌঁছে দিয়ে অর্থ উপার্জন করেন তারা। প্রতি ড্রাম পানির দাম ২০ টাকা। এসব নসিমন ও ভ্যানচালকের আয়ের বড় উৎস এ পুকুরের পানি সরবরাহ । এ পুকুর ছাড়া এখানে মিষ্টি পানির আর কোনো উৎস নেই। গড়ইখালীর ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু জানান, সরকারি ও বেসরকারিভাবে এর বিকল্প মিষ্টি পানির উৎস খোঁজার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। তাই উপকূলে এ পুকুরের পানিই তাদের একমাত্র ভরসা।
জানা গেছে, আট বিঘা জমিতে নির্মিত প্রাচীন এ
পুকুর। চারপাশের পাড় উঁচু করে মাটি দিয়ে বাঁধানো ও পাকা প্রাচীরের বেষ্টনী আছে। পাশের দাকোপ উপজেলার কয়েকটি গ্রামের মানুষ ট্রলারে করে পানি নিয়ে যান। দাকোপ উপজেলার গুনালি, নলিয়ান, কামনেবাসি, সুতারখালী, কালীবাড়ী, পাইকগাছার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া, খাটুয়ামারী, বয়ারঝাপা, গড়ইখালী ইউনিয়নের গড়ইখালী, বাসাখালী, মিনহাজ, হোগলারচক, বাইনবাড়িয়া, কুমখালী, শান্ত, ফকিরাবাদ, গাংরখি, লস্কর ইউনিয়নের খড়িয়া, আলমতলা ও কয়রা উপজেলার হড্ডা গ্রামের হাজার হাজার মানুষ এই পুকুরের পানি পান করে জীবন ধারণ করেন। এটিই খাবার পানির একমাত্র উৎস ।
একটি এনজিও আলমশাহী পুকুরের পাশে ফিল্টার বসিয়ে গড়ইখালীর ইউপির দুটি ওয়ার্ডের ৩৬টি পয়েন্টে পানি সরবরাহ করছে। সেখান থেকে এলাকার গৃহবধূরা পানি সংগ্রহ করেন । এসব পয়েন্টের কেয়ারটেকার আরিফা খাতুন জানান, দূরের লোকের পানি নেওয়ার চাপ থাকায় এ পয়েন্টগুলো বসানো হয়েছে। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, লবণাক্ততা ও আয়রনের পরিমাণ বেশি থাকায় চারিদিকে পানি থাকলেও সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। যা সমাধানে সরকার বৃষ্টির পানি ধরে রাখার জন্য ট্যাংক প্রদানসহ বিভিন্ন সময় নানামুখী পদক্ষেপ নিয়েছে।
পাইকগাছা (খুলনা) : আলমশাহী পুকুর থেকে পানি সংগ্রহ করা হচ্ছে
—ইত্তেফাক

