জামালপুরের ইসলামপুরে একটি মাছের ঘের থেকে লাগেজ বন্দি এক অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ জুন )রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে মাছের প্রজেক্টের মালিক আলমাছ আলী তার মাছের ঘের দেখতে এসে লাগেজটি দেখতে পান। লাগেজটি থেকে দুর্গন্ধ বের হলে তার সন্দেহ হয়। বিষয়টি আশপাশের লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেন। পরে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাগেজটি খুলে ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্ত করতে কাজ চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

