লক্ষ্মীপুরে ১১ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মুরাদ হোসেন নামে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২২ জুন) রাত দেড়টার দিকে স্থানীয়দের সহায়তায় ওই মাদ্রাসা থেকে পুলিশ তাকে আটক করে।
অভিযুক্ত মুরাদ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলী গ্রামের কাশিফুল উলুম মাদ্রাসার শিক্ষক ও পরিচালক। ভিকটিম শিশু ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
শিশুটির ভগ্মিপতি জানান, তার শ্যালক গত তিন বছর আগে ওই মাদ্রাসায় ভর্তি হয়। আবাসিকে থেকে লেখাপড়া করতো। তার মা তাকে দেখতে সোমবার বিকালে মাদ্রাসায় যায়। তখন শিশুটি ওই মাদ্রাসায় থাকবে না বলে মাকে জানায়। কেন থাকবে না, এ নিয়ে চাপাচাপি করলে শিক্ষকের নির্যাতনের কথা মাকে খুলে বলে।
শিশুটির বরাত দিয়ে তিনি জানান, গত ১৪ জুন (রবিবার) রাতে মাদ্রাসার পরিচালক শিশুটিকে হাত-পা টিপতে বলে। এরপর সুযোগ বুঝে তাকে ধর্ষণ করে। শিশুটির মা পরে বিষয়টি স্থানীয়দের জানায়। স্থানীয়রা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনা স্বীকার করেন। পরে তাকে পুলিশে দেওয়া হয়।
মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি ঝলক মোহন্ত বলেন, শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদাতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

