বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জয়ের দেখা পায়নি পর্তুগাল। ডি আর কঙ্গোর বিপক্ষে সেই ম্যাচে ছন্দেও ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার (২৩ জুন) বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে পর্তুগাল।
ম্যাচ শুরুর আগে ক্রীড়া পরিসংখ্যান বিশ্লেষক প্রতিষ্ঠান অপ্টা এবং স্পোর্টসকাস্টিংয়ের ফুটবল সুপার কম্পিউটারগুলো নিজেদের গাণিতিক বিশ্লেষণ ও পূর্বাভাস প্রকাশ করেছে।
অপ্টা সুপার কম্পিউটারের হাজারো ম্যাচ সিমুলেশন বা কৃত্রিম বিশ্লেষণ শেষে যে ডেটা সামনে এসেছে, তাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর দলকেই আকাশচুম্বী ব্যবধানে এগিয়ে রাখা হয়েছে।
সুপার কম্পিউটারের গাণিতিক মডেলে পর্তুগালের জয়ের সম্ভাবনা রেকর্ড ৮৩.১ শতাংশ। টুর্নামেন্টের অন্যতম নবাগত দল উজবেকিস্তান বড় কোনো অঘটন ঘটিয়ে ম্যাচটি জিতে নেবে, এমন সম্ভাবনা মাত্র ৬ শতাংশ। আর ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে মাত্র ১১ শতাংশ।
স্পোর্টসকাস্টিং এবং বিভিন্ন ফুটবল বেটিং অ্যানালিটিক্স মডেলের এক্সজি ডাটা অনুযায়ী, ম্যাচটি পর্তুগালের জন্য বেশ একপেশে হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সুপার কম্পিউটারের সবচেয়ে সম্ভাব্য স্কোরলাইন প্রেডিকশন হলো পর্তুগাল ৩-০ উজবেকিস্তান। কোনো কোনো মডেল এটি ৩-১ ব্যবধানেও শেষ হতে পারে বলে আভাস দিয়েছে।
পর্তুগাল ফেভারিট হলেও ব্যক্তিগতভাবে চাপে আছেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজের শেষ ১০ ম্যাচে কোনো গোলের দেখা পাননি ৪১ বছর বয়সী এই মহাতারকা। তবে সুপার কম্পিউটার বলছে, উজবেকিস্তানের বিপক্ষেই রোনালদোর খরা কাটার সম্ভাবনা প্রবল।

