উজবেকিস্তানের জালে বল পাঠিয়ে মহাকাব্যিক রেকর্ড রোনালদোর 

আপডেট : ২৩ জুন ২০২৬, ২৩:২৭

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে পর্তুগাল। ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই গোলের মাধ্যমে প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার মহাকাব্যিক বিশ্বরেকর্ড গড়লেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের গোল করতে না ব্যর্থ হন রোনালদো। এতে বেশ সমালোচনা শুনতে হয় তাকে। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের ৬ মিনিটেই বল জালে জড়ান রোনালদো। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন ছয়টি বিশ্বকাপে গোল পেলেন পর্তুগিজ মহাতারকা। দ্বিতীয় সর্বোচ্চ ৫টি বিশ্বকাপে গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। 

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে অভিষেক হয় রোনালদোর। সেবার মাত্র একটিই গোল করেছিলেন তিনি। সেই গোলটি আসে ইরানের বিপক্ষে। এরপর ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেছেন তিনি।

২০১৮ বিশ্বকাপে নিজের প্রথম এবং একমাত্র হ্যাটট্রিকটি করেন রোনালদো। সেই হ্যাটট্রিকটি এসেছিলো স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে। আর সেবারের বিশ্বকাপে রোনালদো করেছিলেন মোট চারটি গোল। এ দিকে কাতার বিশ্বকাপে রোনালদোর পা থেকে আসে মাত্র একটি গোল।

ইত্তেফাক/জেডএইচ