কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে গুম, খুন ও গণহত্যার অভিযোগ তুলে বিচারের দাবিতে মঙ্গলবার (২৩ জুন) বিকেলে সমাবেশ করে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সেই সমাবেশ নারীদের অংশগ্রহণ ও বসার স্থান নির্ধারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।
সেই আলোচনায় যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা। বুধবার (২৪ জুন) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাস ‘১১ দলীয় জোটের কর্মসূচিতে নারীদের বসাকে’ কেন্দ্র করে তিনি লেখেন, ‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সেই সব নীতি বিকিয়ে দিলেন যা একসময় আমাদের বিশ্বাস করতে বলেছিলেন।’
‘একটি আসন যেমন এক দিনে দেওয়া যায়, তেমনই এক দিনে কেড়েও নেওয়া যায়’ উল্লেখ করে সাবেক এনসিপি নেত্রী বলেন, ‘কিন্তু আদর্শই একমাত্র জিনিস যা কেউ দিতে পারে না, আর কেউ কেড়েও নিতে পারে না। যদি না নিজেই তা হাতছাড়া করেন।’
এদিকে ১১ দলের সেই কর্মসূচির ছবি যুক্ত করে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তার ফেসবুক পোস্টে লেখেন, ‘ভিজ্যুয়াল রিপ্রেজেন্টেশন অব ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস সিটিজেনস অব এনসিপি। ব্যাটাগিরি মুর্দাবাদ।’

