চাঁদপুরের ফরিদগঞ্জে পল্লী বিদ্যুতের একটি সাব-স্টেশনে ঢুকে লাইনম্যানকে তুলে নিয়ে মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পল্লী বিদ্যুতের এক কর্মী।
তাকে মারধর, নগদ ২৩ হাজার ৫০০ টাকা ছিনতাই এবং মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থানায় একটি মামলা দায়ের করেছে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার দুপুরে উত্তর ধানুয়া গ্রামে বিদ্যুৎ লাইন মেরামত করতে যান লাইনম্যান গ্রেড-১ মো. ইব্রাহীম ও গ্রেড-২ মো. আব্দুল কাদের। এ সময় ১০-১২ জন স্থানীয় ব্যক্তি অতর্কিতভাবে সাব-স্টেশনে প্রবেশ করে তাদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে তারা লাইনম্যান আব্দুল কাদেরকে তুলে নিয়ে যায় এবং মারধর করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয় ও মোবাইল ফোন ভেঙে ফেলে। পরে গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েকদিন ধরে এলাকায় লোডশেডিং এবং বিদ্যুৎ বিল বেশি আসায় ক্ষোভ ছিল। বিষয়টি বারবার কর্তৃপক্ষকে জানানোর পরও সমাধান না পাওয়ায় উত্তেজিত জনতা এই কাণ্ড ঘটিয়েছে।
অন্যদিকে, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ হামলার নিন্দা জানিয়ে বলেছে, সাব-স্টেশনের যন্ত্রপাতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। উত্তেজিত জনতা সেখানে প্রবেশ করায় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা ছিল। এছাড়া সরকারি কাজে নিয়োজিত কর্মীর ওপর হামলা গুরুতর অপরাধ। কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে বিদ্যুৎ আইন ও প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের কাজ চলছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলায় মো. জাফর মিজি, মো. ফারুক পাটোয়ারী ও মো. জসিমসহ অজ্ঞাত আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

