মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন

আপডেট : ২৪ জুন ২০২৬, ১৭:১১

অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। জাতীয় সংসদের চলমান অধিবেশনে তিনি অংশ নিতে না পারায় তার সংসদে ফেরার সম্ভাবনা ও সাংবিধানিক অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়েছে।

গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

সংসদের অধিবেশন শুরু হলেও তিনি যোগদান করতে পারেননি। তিনি কবে-নাগাদ যোগদান করতে পারবেন বা বাইরে থেকেও সংসদ অধিবেশনে যোগ দিতে পারবেন কিনা, তা নিয়ে আছে প্রশ্ন।

বাংলাদেশের সংবিধানের পঞ্চমভাগে প্রথম পরিচ্ছেদের ৬৭ (খ) ধারা অনুযায়ী, ‘স্পিকারের অনুমোদন ছাড়া পরপর ৯০ বৈঠক-দিবস অনুপস্থিত থাকলে আসন শূন্য বলে গণ্য করা হয়।’

এ প্রেক্ষাপটে সংসদে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা এবং সংসদে যোগদানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য, শপথ গ্রহণ এবং সংসদে যোগদানের সম্ভাবনা নিয়ে জানতে চান তিনি।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, মির্জা আব্বাস চিঠির মাধ্যমে সংসদকে তার শারীরিক অবস্থার বিষয়ে অবহিত করেছেন। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং পুরোপুরি সুস্থ হলে সংসদে যোগ দেবেন।

স্পিকার আরও বলেন, ‘কোনও সংসদ সদস্যের যদি সদস্য পদ চলে যায়, যথা সময়ে সংসদ থেকে সবাইকে জানিয়ে দেওয়া হবে।’

এদিকে, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতির খবর জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। রবিবার (২১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি বলেন, ‘আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভ কামনায় আগের তুলনায় অনেকটাই সুস্থ। তার সুস্থতা কামনায় যারা দোয়া করেছেন, তাদের সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।’

পোস্টে তিনি উল্লেখ করেন, ‘ইনশাআল্লাহ, পূর্ণ সুস্থতা লাভ করে অচিরেই পুনরায় জনগণের মাঝে ফিরে এসে দেশ ও জনগণের কল্যাণে নিজের দায়িত্ব ও কার্যক্রম যথারীতি অব্যাহত রাখবেন মির্জা আব্বাস।’

মির্জা আব্বাসের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন হাবিবুর রশিদ হাবিব।  

 
ইত্তেফাক/এসজেএস