স্বাক্ষর জাল করে ভুয়া চুক্তিনামা তৈরির অভিযোগে মামলা করলেন বেবিচকের সদস্য প্রশাসন

আপডেট : ২৪ জুন ২০২৬, ১৭:২৬

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমানের স্বাক্ষর জাল করে ভুয়া চুক্তিনামা ও সম্মতিপত্র তৈরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।

সোমবার (২২ জুন) সকালে দায়ের করা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এস এম লাবলুর রহমানকে প্রথম পক্ষ হিসেবে দেখিয়ে এবং তার স্বাক্ষর জাল করে ফাহাদ হোসেনকে দ্বিতীয় পক্ষ হিসেবে উল্লেখ করে একটি চুক্তিনামা তৈরি করা হয়। ওই চুক্তিনামায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেলে ফাহাদ হোসেনকে অর্থ প্রদান করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া এস এম লাবলুর রহমানের নামে একটি পৃথক সম্মতিপত্রও তৈরি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ওই নথিতেও তার স্বাক্ষর জাল করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

বিষয়টি জানতে পেরে তিনি আইনের আশ্রয় নেন এবং বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।

এস এম লাবলুর রহমান বলেন, তার স্বাক্ষর জাল করে এসব নথি তৈরি করা হয়েছে। তিনি কখনোই এ ধরনের কোনো অনৈতিক বা বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন।

তিনি দাবি করেন, একটি চক্র তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
ইত্তেফাক/এমএএম