প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে পর্তুগালকে বড় জয়ে নেতৃত্ব দেওয়ার পর নিজের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘আই অ্যাম ব্যাক’। তবে তার এই মন্তব্য নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ।
উজবেকিস্তানকে ৫-০ গোলে হারানোর পর রোনালদোর কাছে জানতে চাওয়া হয়েছিল, ‘আমি ফিরে এসেছি’ বলার কারণ কী। উত্তরে পর্তুগিজ অধিনায়ক বলেন, ‘যাতে মানুষ ভুলে না যায়।’
ম্যাচ পরবর্তী বিশ্লেষণে ফক্স স্পোর্টসে কথা বলতে গিয়ে ইব্রাহিমোভিচ জানান, তিনি কখনোই মনে করেননি রোনালদো কোথাও হারিয়ে গিয়েছিলেন। তাই তার কাছে ফিরে আসার ঘোষণার প্রয়োজনীয়তা স্পষ্ট নয়।
ইব্রার ভাষায়, ওর বার্তার কথা যদি বলি, আমি তো ভাবিনি সে কোথাও গিয়েছিল। জানি না কেন সে বলল- ‘আই অ্যাম ব্যাক’।
পর্তুগালের বড় জয়কে অবশ্য স্বাভাবিক হিসেবেই দেখছেন সাবেক এই স্ট্রাইকার। তার মতে, ম্যাচটি এমনই ছিল যেখানে পর্তুগালের একাধিক গোল করার কথা। বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া উজবেকিস্তান এর আগের ম্যাচেও কলম্বিয়ার কাছে ৩-১ গোলে হেরেছিল।
রেকর্ডের মঞ্চে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে আবারও নিজেকে প্রমাণ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই পর্তুগিজ তারকা বিশ্বকাপে ছয়টি আলাদা আসরে গোল করা প্রথম ফুটবলার হয়েছেন। শুধু তাই নয়, সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে জোড়া গোল করার তালিকায় তিনি ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকে।

