জাতীয় সংসদে এবার বিরোধী রাজনৈতিক দলের আন্দোলনের কড়া সমালোচনা করে পবিত্র কোরআনের আয়াত পড়ে শোনালেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ।
২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বুধবার (২৪ জুন) তিনি বলেন, চলমান বাজেট একটি গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্বর্তী অর্থনীতির রূপরেখা। এবারের বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়েনি এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে কোনো বিক্ষোভ করেনি, যা দেশের স্বাধীনতার পর একটি বিরল ঘটনা।
এই সংসদ সদস্য উল্লেখ করেন, চাল, তেল, পেঁয়াজ ও চিনিসহ চারটি নিত্যপণ্যের আমদানি ও সরবরাহ পর্যায়ের উৎস কর উল্লেখযোগ্য হারে হ্রাস করায় জনগণ হতাশ না হয়ে বরং স্বস্তি প্রকাশ করেছে। এই পরিস্থিতির মধ্যেও সংসদের বিরোধী শিবিরের রাজনৈতিক দলগুলো কেন রাস্তায় নেমে মিছিল-মিটিং করছে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি।
বিরোধীদের এই আচরণ ও কৌশলের কঠোর সমালোচনা করতে গিয়ে তিনি আরবি’তে পবিত্র কোরআনের আয়াত স্মরণ করিয়ে দিয়ে বলেন, আল্লাহ নিজেই সর্বশ্রেষ্ঠ কৌশলী এবং যারা আল্লাহর বান্দাদের বিরুদ্ধে কিংবা অন্যায্য কৌশল খাটায়, তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়। যারা সরকারের উন্নয়ন ও জনমুখী কর্মকাণ্ডকে স্বীকার না করে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের কঠিন আজাবের সম্মুখীন হতে হবে।

