আগামী সপ্তাহে ফের শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান কারিগরি আলোচনা

আপডেট : ২৪ জুন ২০২৬, ২২:৫৯

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে কারিগরি পর্যায়ের আলোচনার দ্বিতীয় দফা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। বুধবার (২৪ জুন) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এই তথ্য জানিয়েছেন। তবে বৈঠকের স্থান এখনো চূড়ান্ত করা হয়নি।

আন্দ্রাবি জানান, আলোচনার সম্ভাব্য তারিখ হিসেবে আগামী মঙ্গলবারের কথা ভাবা হচ্ছে, যদিও সোমবার বা বুধবারও এটি অনুষ্ঠিত হতে পারে।

এর আগে তিন মাসেরও বেশি সময় ধরে চলা সশস্ত্র সংঘাতের অবসানে গত ১৭ জুন দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরপর গত ১৯ জুন শুক্রবার সুইজারল্যান্ডে প্রথম দফার কারিগরি আলোচনা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে ইরান তা পিছিয়ে দেয় এবং একই সঙ্গে হরমুজ প্রণালী ফের বন্ধ করে দেয়, যা নতুন উত্তেজনার সৃষ্টি করে।

পরে গত ২১ জুন রোববার সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। অপর দিকে ইরানের পক্ষে আলোচনায় অংশ নেন সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ওইদিন আনুষ্ঠানিকভাবে আলোচনা শেষ হওয়ার পর উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সুইজারল্যান্ড ত্যাগ করলেও পরদিন সোমবার (২২ জুন) কারিগরি প্রতিনিধিদলগুলো আলোচনা অব্যাহত রাখে। মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতারের এক যৌথ বিবৃতিতে জানানো হয়, আলোচনা 'ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে' এগিয়েছে এবং ভবিষ্যতে আরও কারিগরি আলোচনা পরিচালনার জন্য একটি কার্যকর কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (২৩ জুন) ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি প্রথম দফার কারিগরি আলোচনার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। তিনি জানান, এই পর্যায়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক বিষয়াবলী, অর্থনৈতিক পুনর্গঠন ও উন্নয়ন এবং চুক্তি পর্যবেক্ষণ ও বাস্তবায়ন—এই চারটি ইস্যু নিয়ে কাজ করতে আলাদা কার্যকরী দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইত্তেফাক/এনএন