স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৩:২০

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের জন্য শুরুর একাদশ ঘোষণা করেছেন সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ঘোষিত দলে বড় চমক হিসেবে মহাতারকা নেইমারকে রাখা হয়েছে সাইডবেঞ্চে। ম্যাচটি আজ ভোর ৪টায় শুরু হবে।

হাইতির বিপক্ষে গত ম্যাচে ৩-০ ব্যবধানের জয়ে যে দলটি খেলেছিল, সেখান থেকে মাত্র একটি পরিবর্তন এনেছেন ইতালিয়ান কোচ আনচেলত্তি। অভিজ্ঞ উইঙ্গার রাফিনহার পরিবর্তে আজ শুরুর একাদশে সুযোগ করে নিয়েছেন উদীয়মান কিশোর তারকা রায়ান। স্কটিশদের বিপক্ষে আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র ও মাথেউস কুনহার সঙ্গে তাকেই মূল ভরসা হিসেবে রাখা হয়েছে।

ঘোষিত একাদশ অনুযায়ী, ব্রাজিলের গোলপোস্ট সামলানোর দায়িত্বে থাকছেন আলিসন বেকার। রক্ষণভাগে অভিজ্ঞ দানিলোর সঙ্গে থাকছেন মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ডগলাস সান্তোস। মাঝমাঠ নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব দেওয়া হয়েছে ব্রুনো গুইমারেস, কাসেমিরো ও লুকাস পাকেতাকে।

ব্রাজিলের শুরুর একাদশ:

আলিসন; দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস; ব্রুনো গুইমারেস, কাসেমিরো, লুকাস পাকেতা; রায়ান, মাথেউস কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।

গ্রুপ পর্বের এই ম্যাচে জয় নিয়ে নকআউট পর্বে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে চোট কাটিয়ে ফেরা নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি না নিতেই তাকে বেঞ্চে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় তাকে দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হতে পারে।

ইত্তেফাক/এনএন