কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৩:৩৯

বিশ্বকাপে নিজেদের গ্রুপপর্বের শেষ ম্যাচে কাতারকে ৩–১ গোলে হারিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। এই জয়ে তাদের পয়েন্টও কানাডার সমান ৪। কিন্তু গোল পার্থক্যে পিছিয়ে তিনে চলে গেছে তারা। ফলে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আরেকটু অপেক্ষা করতে হবে দলটিকে। অন্যদিকে, এই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিলো কাতার।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বসনিয়া। ম্যাচের ২৯ মিনিটে প্রথম লিড নেয় তারা। ১৮ বছর বয়সী কেরিম আলাইবেগোভিচ ২০ গজ দূর থেকে নেওয়া শক্তিশালী শটে বল জালে জড়ান। তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা।

ম্যাচের ৩৪ মিনিটে বসনিয়া-হার্জেগোভিনা ব্যবধান দ্বিগুণ করে কাতারের ফুটবলার সুলতান আল-ব্রেকের আত্মঘাতী গোলে। সিয়েদ কোলাসিনাকের ক্রস দূরের পোস্টে গেলে এডিন জেকো ভলিতে বল মাঝখানে ফেরত পাঠালে প্রতিপক্ষ ফুটবলারের পায়ে লেগে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়।

বিরতিতে যাওয়ার আগে ব্যবধান কমায় কাতার। হাসান আল হাইদোস কাতারের হয়ে এক গোল শোধ দেন। এতে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বসনিয়া। 

দ্বিতীয়ার্ধে বসনিয়া-হার্জেগোভিনা আবারও গোলের ব্যবধান বাড়ায়। ম্যাচের ৮০ মিনিটে এরমিন মাহমিচ গোল করেন। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে পূর্ণ ৩ পয়েন্ট পেয়ে বসনিয়ার নকআউটে খেলার আশা বাঁচিয়ে রেখেছে।

ইত্তেফাক/জেডএইচ