ভেনেজুয়েলায় ভূমিকম্প

‘আমি এর আগে এমন কিছুর সম্মুখীন হইনি’

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৮:৪২

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী দুই ভূমিকম্প আঘাত হেনেছে। ৭.২ ও ৭.৫ মাত্রার এই দুই ভূমিকম্পে বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে। ধসে পড়েছে বহু ভবন। এরইমধ্যে উদ্ধার কাজে যোগ দিয়েছেন ৫ শতাধিক উদ্ধারকর্মী।

ভূমিকম্পের ভয়াবহতা উল্লেখ করে এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘আমার ভবনের বেশ কয়েকটি দেয়াল ভেঙে গেছে বা ফাটল ধরেছে’।

ভেনেজুয়েলার পূর্ব কারাকাসের বাসিন্দা আরেক প্রত্যক্ষদর্শী কোরো মার্টিনেজ সংবাদ সংস্থাটিকে ‘একটি খুব জোরে শব্দ’ হওয়ার বর্ণনা দেন।

৫৬ বছর বয়সী এই ব্যক্তি বলেন, ‘বাড়ির ভেতরে জিনিসপত্র, ফ্রিজের ভেতরের জগগুলো পড়ে গিয়েছিল। আমি এর আগে এমন কিছুর সম্মুখীন হইনি’।

মারিয়া রোমেরো নামের আরেক প্রত্যক্ষদর্শী এই ভূমিকম্পকে কারাকাসের ১৯৬৭ সালের মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তুলনা করে বলেন, এটি ছিল ‘তার চেয়েও ভয়াবহ’।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ১০টা ০৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।

ইত্তেফাক/ পিএস