ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চাঁনপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে রনি মিয়া (১৮) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি উপজেলার খাটিংগা গ্রামের আলমগীর মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) দুপুরে বিদ্যালয়ের সামনে নবম শ্রেণির এক ছাত্রীকে অশালীন কথাবার্তা ও অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করছিলেন রনি। এ সময় ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে হাতেনাতে আটক করে প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সকিনা আক্তার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে দণ্ডবিধি, ১৮৬০-এর ৫০৯ ধারায় অভিযুক্ত রনি মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সকিনা আক্তার বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা অভিযুক্তকে আটক করে প্রশাসনকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

