চায়ের সঙ্গে যেসব খাবারে বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

আপডেট : ২৫ জুন ২০২৬, ১৬:২৭

সকালের শুরু কিংবা বিকেলের আড্ডায় এক কাপ চা অনেকেরই প্রিয় পানীয়। তবে চায়ের সঙ্গে কোন খাবার খাওয়া হচ্ছে, সেটিও স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, কিছু খাবারের সঙ্গে চা পান করলে হজমের সমস্যা, পুষ্টি শোষণে বাধা এবং পাকস্থলীর নানা জটিলতা দেখা দিতে পারে।

চায়ে থাকা ক্যাফেইন ও ট্যানিন শরীরে কিছু পুষ্টি উপাদান শোষণের ক্ষমতা কমিয়ে দিতে পারে। বিশেষ করে সিঙাড়া, পাকোড়া, পুরি বা অন্যান্য ভাজাপোড়া খাবারের সঙ্গে চা খেলে গ্যাস, অম্বল, পেট ফাঁপা ও হজমজনিত সমস্যা বাড়তে পারে।

লেবু বা অন্যান্য সাইট্রাস ফলের সঙ্গে চা পান করাও অনেক ক্ষেত্রে অস্বস্তির কারণ হতে পারে। চিকিৎসকদের মতে, এতে পাকস্থলীর অম্লতা বৃদ্ধি পেয়ে গ্যাস্ট্রিক, বুকজ্বালা বা পেটে জ্বালাপোড়ার সমস্যা দেখা দিতে পারে।

এ ছাড়া হলুদযুক্ত খাবার খাওয়ার ঠিক আগে বা পরে চা পান করলে কিছু মানুষের ক্ষেত্রে বদহজম, পেটব্যথা কিংবা অস্বস্তি অনুভূত হতে পারে।

গরম চায়ের পরপরই আইসক্রিম, ঠান্ডা পানি বা কোমল পানীয় পান করাও এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। হঠাৎ তাপমাত্রার এই পরিবর্তন হজমপ্রক্রিয়াকে ব্যাহত করতে পারে এবং বমিভাব বা পেটের সমস্যা তৈরি করতে পারে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে চা পান। ডিম, ডাল, পালং শাকসহ বিভিন্ন সবুজ শাকসবজি বা আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে চা খেলে শরীরে আয়রন শোষণ কমে যেতে পারে। দীর্ঘদিন এমন অভ্যাস থাকলে রক্তস্বল্পতার ঝুঁকিও বাড়তে পারে।

চায়ের সঙ্গে কী খাওয়া ভালো?

বিশেষজ্ঞদের মতে, চায়ের সঙ্গে হালকা ও সহজপাচ্য খাবার বেছে নেওয়াই উত্তম। যেমন—

  • মুড়ি
  • খই
  • ওটসের কুকিজ
  • ভেজানো কাঠবাদাম
  • অল্প পরিমাণ চিড়া বা শুকনো ফল

এ ধরনের খাবার হজমে সহায়ক এবং চায়ের সঙ্গে তুলনামূলকভাবে স্বাস্থ্যকর।

তবে মনে রাখতে হবে, সবার শরীরের প্রতিক্রিয়া এক রকম নয়। কোনো খাবার খাওয়ার পর নিয়মিত অস্বস্তি অনুভব করলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত।

ইত্তেফাক/এসজেএস