দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাগানে মিললো নারীর মরদেহ

আপডেট : ২৫ জুন ২০২৬, ১৯:৩৩

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার কলাকান্দা এলাকায় একটি নির্জন বাগান থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি অন্তত ৪ থেকে ৫ দিন আগের বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার কলাকান্দা হানিরপাড় গ্রামের একটি নির্জন বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন সকালে বাগানের ভেতর দুর্গন্ধ পেয়ে খোঁজ নিতে গিয়ে একটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি মতলব উত্তর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় কয়েকজন বাসিন্দারা জানান, এলাকায় এমন ঘটনা আগে ঘটেনি। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। তবে মৃত নারীর পরিচয় সম্পর্কে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি।

পুলিশ জানায়, এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে রাজি হননি তদন্ত কর্মকর্তারা।

মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মৃত নারীর বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে। মরদেহটি বেশ কয়েকদিনের পুরনো হওয়ায় শরীরের বিভিন্ন অংশ পচে গেছে এবং কিছু অংশ পোকামাকড় ও বন্যপ্রাণীর আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ইত্তেফাক/এপি