বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

আপডেট : ২৫ জুন ২০২৬, ২২:০০

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (৫২ বিজিবি) বিশেষ অভিযানে তিনটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবারর (২৫ জুন) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন। এর আগে বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী জব্দ করা হয়।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৩টার দিকে ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজনের নেতৃত্বে বড়লেখা উপজেলার বিওসিটিলা বিওপির একটি বিশেষ অভিযানিক দল বড়লেখা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন কয়েকজন দুষ্কৃতিকারীকে চ্যালেঞ্জ করা হলে তারা অন্ধকার ও জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ১৩৮৫/এম থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্যাপক তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, তিন কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘পাওয়ার জেল নাইনটি’ বিস্ফোরক (২৩টি টিউব), ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং দুটি কুকরি চাপাতি উদ্ধার করেন।

৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, এ ধরনের অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতেও তা সহায়ক হবে।

 

ইত্তেফাক/এপি